দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) বিকেলে উপজেলার বলধারা এলাকায় অভিযান পরিচালনা করেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবেল উদ্দিন খান।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, বলধারা এলাকার হাজী আব্দুল জলিল একটি পুকুর থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলন করছিলেন। এতে আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
পরে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারা অনুযায়ী আব্দুল জলিলকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি সেলু মেশিন, দুটি পাম্প, দুটি চেসিস, ২৩টি ড্রাম এবং প্রায় ৮০ ফুট পিভিসি পাইপ জব্দ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিন খান বলেন, ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটা পরিবেশ, কৃষিজমি ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য মারাত্মক হুমকি। জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসনের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, অবৈধভাবে মাটি কাটার কারণে কৃষিজমি ও আশপাশের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। নিয়মিত অভিযান পরিচালিত হলে এ ধরনের কর্মকাণ্ড অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।
এমএম/